প্রথমে সামান্য টাকা দিন, আজীবন মিলবে নিখরচায় ওয়াই-ফাই! প্রধানমন্ত্রীর প্রকল্পের নাম করে কোটি কোটি টাকার প্রতারণা, কলকাতায় গ্রেফতার ৬
প্রথমে সামান্য কিছু টাকা জমা দিলেই সারা জীবন দেশের যে কোনও জায়গায় বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ! এমনই লোভনীয় প্রস্তাব দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগ উঠল কলকাতায়। প্রধানমন্ত্রী ওয়াই-ফাই যোজনার নাম করে দেশজুড়ে প্রতারণার জাল ছড়ানোর অভিযোগ। এই ঘটনায় মধ্য কলকাতার ডালহৌসি এলাকায় একটি ভুয়ো কল সেন্টারে অভিযান চালাল কলকাতা পুলিশের গোয়েন্দারা। সেখান থেকে পাঁচ মহিলা-সহ মোট ছজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে ওই কল সেন্টারের ম্যানেজার কৃষ্ণেন্দু সাহাও রয়েছেন। কল সেন্টারে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ এবং গ্রাহকদের বিপুল তথ্যভাণ্ডার উদ্ধার করেছেন তদন্তকারীরা। পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহার করা হত এমন একটি লিখিত চিত্রনাট্যও পুলিশের হাতে এসেছে। সেই চিত্রনাট্য মেনেই সাধারণ মানুষকে ফোন করতেন কল সেন্টারের কর্মীরা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।কিন্তু কী ভাবে চলত এই প্রতারণার কারবার? পুলিশ সূত্রে খবর, ডালহৌসির ওই কল সেন্টার থেকে সাধারণ মানুষকে ফোন করে জানানো হত, নতুন প্রধানমন্ত্রী ওয়াই-ফাই যোজনা চালু হয়েছে। এই প্রকল্পে প্রথমে সামান্য কিছু টাকা জমা দিলেই সারা জীবন দেশের যে কোনও প্রান্তে বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবহার করা যাবে। এমনই প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হত বলে অভিযোগ।তদন্তকারীদের দাবি, কল সেন্টারের কর্মীরা নিজেদের সরকারি প্রতিনিধি বলে পরিচয় দিতেন। তার পর ফোনে গ্রাহকদের প্রকল্পের সুবিধার কথা বুঝিয়ে বলা হত। এই প্রস্তাবে বিশ্বাস করে বহু মানুষ টাকা জমা দিয়েছিলেন বলে অভিযোগ। শুধু পশ্চিমবঙ্গ নয়, কলকাতায় বসেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে ফোন করে প্রতারণা করা হত বলে মনে করছেন তদন্তকারীরা।গোপন সূত্রে খবর পেয়ে ডালহৌসির গভর্নমেন্ট প্লেস ইস্ট এলাকায় ওই কল সেন্টারে অভিযান চালান লালবাজারের গোয়েন্দারা। সেখান থেকেই পাঁচ মহিলা-সহ ছজনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন, ল্যাপটপ, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য এবং প্রতারণার কাজে ব্যবহৃত লিখিত চিত্রনাট্য।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ভুয়ো প্রকল্পের নাম করে বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতানো হয়ে থাকতে পারে। প্রতারণার অঙ্ক কয়েক কোটি টাকা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কত দিন ধরে এই কারবার চলছিল এবং কত জন মানুষ প্রতারণার শিকার হয়েছেন, সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা।ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া গ্রাহকদের তথ্যভাণ্ডার খতিয়ে দেখে প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজার।

